৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসবে গুগল পিক্সেল ৯ সিরিজ

২৭ জুলাই, ২০২৪ ১৩:৪৩  

আগামী ১৩ আগস্ট উন্মোচন হতে চলেছে গুগল পিক্সেল ৯ সিরিজ। এই সিরিজে চারটি মডেল থাকবে - পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল এবং পিক্সেল ৯ প্রো ফোল্ড। আর রিপোর্ট অনুযায়ী, এই মডেলগুলো চারটি কালার অপশনে আসবে।

খবরে বলা হয়, পারফরম্যান্সের জন্য নতুন ডিভাইসগুলোতে ব্যবহার করা হবে গুগলের নতুন টেনসর জি৪ চিপ। আবার সিরিজের বেস মডেল অর্থাৎ গুগল পিক্সেল ৯ মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং প্রো মডেলে দেখা যাবে তিনটি রেয়ার ক্যামেরা।

টিপস্টার স্টিভ এইচ ম্যাকফ্লাই ৯১ মোবাইলসের সহযোগিতায় গুগল পিক্সেল ৯ সিরিজের মার্কেটিং ইমেজ ফাঁস করেছেন। ছবিগুলো থেকে সামনে এসেছে যে, ফোনগুলো ডিপ গ্রে, লাইট গ্রে, পিঙ্ক এবং অফ-হোয়াইট কালারে পাওয়া যাবে। দেখে মনে হচ্ছে এদের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

এছাড়া জানা গেছে, গুগল পিক্সেল ৯ সিরিজের মডেলগুলোর প্রান্ত চকচকে হবে। আর পিছনের প্যানেলে দেখা যাবে ম্যাট ফিনিশ। এদিকে পিক্সেল ৯ ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে ডুয়াল রেয়ার ক্যামেরা। আর পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল এবং পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলের পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হবে।

ফাঁস হওয়া প্রমোশনাল ছবি অনুযায়ী, গুগল পিক্সেল ৯-এ থাকবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং ১২ জিবি র‌্যাম। আর পিক্সেল ৯ প্রো মডেলে পাওয়া যাবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং পিক্সেল ৯ প্রো এক্সএল-এ থাকবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ১৬ জিবি র‌্যাম। আবার পিক্সেল ৯ প্রো ফোল্ডে দেওয়া হবে আপগ্রেডেড ৬.৩ ইঞ্চি ডিসপ্লের কভার স্ক্রিন, ৮ ইঞ্চি মেইন ডিসপ্লে এবং ১৬ জিবি র‌্যাম। সব ফোনেই গুগলের নতুন টেনসর জি৪ চিপ থাকবে বলে মনে করা হচ্ছে।

বেস পিক্সেল ৯ আসবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে। এতে ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সরসহ ৪৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। সেলফির জন্য ফোনটিতে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পিক্সেল ৯ প্রো এবং পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হবে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর। দুটি ফোনেই সেলফির জন্য ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১০.৫ মেগাপিক্সেল সেন্সর এবং আরও দুটি ১০.৮ মেগাপিক্সেল সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফির জন্য এতে পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

ডিবিটেক/বিএমটি